Bengal Liberty: মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিবিআই। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিটে মোট ১১ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপি কর্মী দুই ভাই সাগর সোনকর এবং সাহেব সোনকর (Chandranath Rath)।
সিবিআই সূত্রে খবর, ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাগর ও সাহেব। তার আগে তাঁরা অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওই দলের এক বিধায়কের হয়ে কাজ করতেন বলে তদন্তে উঠে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ, পরবর্তীতে বিজেপিতে যোগ দেওয়ার পর চন্দ্রনাথকে খুনের জন্য উত্তরপ্রদেশের ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই দুই ভাই। খুনের বরাত দেওয়ার পাশাপাশি তাঁদের টাকা দেওয়ার অভিযোগও রয়েছে।

চন্দ্রনাথ-কাণ্ডে চার্জশিট (Chandranath Rath)
তদন্তে সিবিআই জানতে পেরেছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকেই চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা শুরু হয়েছিল। একাধিক বার খুনের দিনক্ষণ নির্ধারণ করা হলেও নানা কারণে তা বদলাতে হয়। শেষ পর্যন্ত ২০২৬ সালের ৬ মে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে।
আরও খবর
এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জন শুটারকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংহ। পাশাপাশি বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্র নামে তিন জন ‘মিডলম্যানকেও’ গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের দাবি, এই তিন জনই খুনের বরাত নেওয়া এবং শুটারদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

চার্জশিটে ১১ অভিযুক্ত (Chandranath Rath)
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের পরিকল্পনা ও তার বাস্তবায়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তবে তদন্তকারীদের দাবি, এখনও এক অভিযুক্ত পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চলছে। সিবিআইয়ের তদন্ত অনুযায়ী, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই চন্দ্রনাথকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছিল। ভোটের ফল প্রকাশের দু’দিন পর, ৬ মে তাঁকে গুলি করে খুন করা হয়।

চার্জশিটে সাগর ও সাহেব সোনকরকে অন্যতম মূলচক্রী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক দলের নেতা বা কর্মীর ভূমিকা ছিল কি না, কিংবা বাইরে থেকে কেউ ষড়যন্ত্রে ইন্ধন জুগিয়েছিল কি না, তা এখনও খতিয়ে দেখছে সিবিআই। কী কারণে চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছিল, সেই প্রশ্নেরও সম্পূর্ণ উত্তর এখনও মেলেনি। তদন্তের পরবর্তী পর্যায়ে খুনের প্রকৃত উদ্দেশ্য এবং নেপথ্যের সমস্ত যোগসূত্র স্পষ্ট করার চেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
আরো পড়ুন:-
https://atlas-preview.bengalliberty.com/2026/08/07/wwe-news/

