Bengal Liberty
এসএসসি নিয়োগ মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জানানো হয়েছে, দ্বিতীয় SLST নিয়োগ ২০২৫ সালের নতুন নিয়ম মেনেই করা হবে। আগামী ২১ অগাস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভবনা রয়েছে। এদিন রাজ্যের তরফে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারের নীতি ‘জিরো টলারেন্স’। ফলে আগামী দিনে নিয়োগে কোনও প্রকার দুর্নীতি থাকবে না।

নজরে OBC সংরক্ষণ
শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, “রাজ্যে ‘আমল’ বদলেছে বলে কি SSC-র অবস্থানও বদলে গেল?” বিচারপতির মন্তব্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সংরক্ষণ, ১০ নম্বর, EWS-সহ একাধিক বিষয় জড়িত। পাশাপাশি, OBC সংরক্ষণ নিয়েও পর্যবেক্ষণ করেন বিচারপতি। তিনি জানিয়েছেন, আগে যেখানে OBC সংরক্ষণ ১৭ শতাংশ ছিল, বর্তমানে তা ৭ শতাংশ হয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে বিচারপতি। তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্য ও এসএসসি একসঙ্গে বসে সমন্বয়ের ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত নীতি চূড়ান্ত করলে তা সকলের জন্য স্পষ্ট ও কার্যকর হবে। না হলে কমিশন একদিকে এবং রাজ্য অন্যদিকে গেলে জটিলতা তৈরি হতে পারে।
আরও খবর

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেল আদালত বাতিল করেছিল। এরপর নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। মামলাকারীদের দাবি ছিল, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সেই সময়কার নিয়ম মেনেই সম্পন্ন করতে হবে। অন্যদিকে, বর্তমানে ২০২৫ সালের নিয়মে নিয়োগ করা নিয়ে প্রশ্ন ওঠে। তবে এদিন SSC-র আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য স্পষ্ট করে দেন, বর্তমান অবস্থান অনুযায়ী দ্বিতীয় SLST ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া মেনেই হবে

