Bengal Liberty
বেঙ্গালুরুতে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হতেই পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেওয়ার অভিযোগ (South 24 Pargana)। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে একই পরিবারের ১০ বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নগেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাংলাদেশে পুশব্যাকের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ১০ জন একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি বাংলাদেশের ফিরোজপুরে। প্রায় ছয় বছর আগে তাঁরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। এরপর কাজের সন্ধানে চলে যান বেঙ্গালুরুতে। সেখানে ভাঙরির কাজ করে জীবনযাপন করতেন তাঁরা।

বেঙ্গালুরু থেকে পালিয়ে আশ্রয়
সম্প্রতি বেঙ্গালুরুতে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়। সেই খবর পেয়ে আতঙ্কিত হয়ে ওই পরিবার বেঙ্গালুরু ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসে। প্রায় এক সপ্তাহ আগে তাঁরা রায়দিঘিতে পৌঁছন। নগেন্দ্রপুরে তাঁদের এক আত্মীয়ের বাড়ি রয়েছে। সেখানেই গা-ঢাকা দিয়ে ছিলেন পরিবারের ১০ সদস্য। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় রায়দিঘি থানার পুলিশ। সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে পরিচয় নিশ্চিত হওয়ার পর ১০ জনকেই আটক করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন পাঁচ জন পুরুষ, তিন জন মহিলা এবং দুই শিশু।
আরও খবর

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডও পাওয়া গিয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা বেঙ্গালুরুতে থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি। বেঙ্গালুরুতে পুলিশের ধরপাকড়ের ভয়েই তাঁরা সেখান থেকে পালিয়ে রায়দিঘিতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে। আটক ১০ জনের শারীরিক পরীক্ষা করানোর পর তাঁদের লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। সেখান থেকেই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুশব্যাকের প্রক্রিয়া শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।

