Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় ঋতব্রত শিবিরের শক্তি প্রদর্শন! দুর্নীতি ইস্যুতে সরব ফিরহাদ-ঋতব্রত

Bengal Liberty

প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee) স্মরণসভাকে ঘিরে রামপুরহাটে শক্তি প্রদর্শন করল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। রামপুরহাটের রক্তকরবী মঞ্চে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল-সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মী-সমর্থকরা। সম্প্রতি আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর এই প্রথম রামপুরহাটে বড় পরিসরে স্মরণসভার আয়োজন করল ঋতব্রত শিবির।

আশিসের মৃত্যু, বাগযুদ্ধে তৃণমূলের দুই শিবির

উপস্থিত একাধিক শীর্ষ নেতা

স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যক্তি আক্রমণের রাজনীতি নিয়ে সরব হন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, যারা ব্যক্তিগত আক্রমণ করছেন এবং ‘চোর চোর’ বলে লাফাচ্ছেন, তাঁরা আদৌ মানুষের পর্যায়ে পড়েন কি না, সেটাও বিচার করা প্রয়োজন। একই সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মঞ্চে উপস্থিত নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দেন অনুব্রত মণ্ডলও। তিনি প্রশ্ন তোলেন, ‘‘আগের তৃণমূল কংগ্রেস থাকবে তো? যেমন বীরভূম জেলায় ছিল?’’ তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বীরভূমে তৃণমূলের পুরনো সংগঠন ও রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার বার্তাই কি দিতে চাইলেন অনুব্রত, উঠছে সেই প্রশ্ন।

অন্যদিকে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেউচা-পাঁচামি এবং দুর্নীতি প্রসঙ্গে সরব হন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‘কোনও সরকার না চাইলে যেমন দাঙ্গা হতে পারে না, তেমনই সরকার না চাইলে চুরি-ডাকাতিও হতে পারে না।’’ তাঁর দাবি, সরকার কিছুই জানত না এবং সবকিছু হাওয়ায় হয়ে গিয়েছে, এমনটা মেনে নেওয়া সম্ভব নয়।

দুর্নীতি ইস্যুতে সরব ঋতব্রত Ashis Banerjee

ডেউচা-পাঁচামি-সহ দুর্নীতির অভিযোগে যুক্ত প্রত্যেকের ভূমিকা নিয়ে সঠিক তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন বলেও জানান ঋতব্রত। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরও তাঁর শিবিরের পক্ষ থেকে তদন্তের দাবি জোরালো করা হয়েছে। এর আগে আশিসের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবিতে চিঠিও দিয়েছিলেন ঋতব্রত।

ফলে আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা শুধু শোকজ্ঞাপনের মঞ্চেই সীমাবদ্ধ থাকল না। একদিকে প্রয়াত নেতার পরিবারের পাশে থাকার বার্তা, অন্যদিকে দলের পুরনো সংগঠন ফেরানোর ডাক এবং দুর্নীতি ইস্যুতে তদন্তের দাবি, সব মিলিয়ে রামপুরহাটের এই সভা ঋতব্রতপন্থী তৃণমূলের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করে দিল।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury