Bengal Liberty
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বাড়িতে উপস্থিত হলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিংহ (Arjun Singh)। উত্তরবঙ্গের চা-বাগান ও সিনকোনা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যা, পরিবহন ব্যবস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংসদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা-বাগানগুলি পুনরায় চালু করার বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি চা-বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি, তাঁদের সুযোগ-সুবিধা এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়। শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে শ্রম দফতরের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েও মতবিনিময় হয়।

চা শিল্পে উন্নয়নের রূপরেখা
বৈঠকে উত্তরবঙ্গের পরিবহন পরিকাঠামো, পার্কিং ব্যবস্থা এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম -এর একাধিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিশাল লামা, বিহারের পূর্ণিয়ার কসবা কেন্দ্রের বিধায়ক নীতেশ সিং, নমো নাভ-সহ আরও অনেকে। বৈঠক শেষে মন্ত্রী অর্জুন মংপুর উদ্দেশে রওনা দেন। সেখানে সিঞ্চোনা প্ল্যান্টেশনসের ডিরেক্টরেট পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি সাংসদ, বিধায়ক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে উত্তরবঙ্গের চা-বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যা, তাঁদের সুযোগ-সুবিধা এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

উত্তরবঙ্গের চা ও সিনকোনা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নে এই সফর কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।

