Bengal Liberty : উত্তরবঙ্গে চা-বাগানের জমি হস্তান্তর ও বিক্রিকে ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ (Shankar Ghosh)। তাঁর দাবি, তৃণমূল জমানায় বেআইনি ভাবে চা-বাগানের জমি বিক্রি করে পাওয়া টাকা দলের নির্বাচনী কাজে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক (Shankar Ghosh)।

জমি বিক্রির টাকা কোথায় গেল, উঠছে প্রশ্ন (Shankar Ghosh)
শংকরের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে চা-বাগানের অব্যবহৃত জমির একটি অংশ পর্যটন ও বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল বিজেপি। তাঁর দাবি, সেই সুযোগকে কাজে লাগিয়েই চা-বাগানের জমি হস্তান্তর ও বিক্রিতে অনিয়ম হয়েছে।পর্যটনমন্ত্রীর অভিযোগ, বেআইনি ভাবে জমি বিক্রির টাকা তৃণমূলের নির্বাচনী কাজে ব্যবহার করা হয়েছে। কোন বাগানের জমি কীভাবে হস্তান্তর করা হয়েছে, কার স্বার্থে তা করা হয়েছে এবং সেই লেনদেনের টাকা কোথায় গিয়েছে-সবই তদন্তের আওতায় আনা প্রয়োজন বলে দাবি তাঁর। সরকারি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন গঠন করেছে বর্তমান সরকার। সেই তদন্তের পরিধির মধ্যেই উত্তরবঙ্গের চা-বাগানের জমি সংক্রান্ত বিষয়টি আনার দাবি জানিয়েছেন শংকর।

চা-বাগানেই পর্যটনের নতুন পরিকল্পনা (Shankar Ghosh)
অন্যদিকে, চা-বাগানকে ঘিরে পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানিয়েছেন পর্যটনমন্ত্রী। বিভিন্ন চা-বাগানের মালিক ও সংস্থার সঙ্গে চুক্তি করে পুরনো বাংলোগুলিকে পর্যটকদের থাকার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে। চা-বাগানের ভিতরে হোম-স্টে তৈরির কথাও ভাবছে সরকার। স্থানীয় বাসিন্দা ও চা-শ্রমিকদের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত করে তাঁদের আয় বাড়ানোই লক্ষ্য বলে জানিয়েছেন শংকর। তাঁর বক্তব্য, চা-বাগানকে শুধু চা উৎপাদনের জায়গা হিসেবে না দেখে পর্যটনের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করতে হবে।
আরও খবর
তবে পর্যটনের প্রসারে চা-শিল্পের মূল চরিত্র যাতে নষ্ট না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেছেন তিনি। বর্তমান সরকার চা-বাগানের ১৫ শতাংশ এলাকা বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রস্তাব অনুমোদন করেছে। শংকরের কথায়, “চা-বাগান না থাকলে চা-বাগান দেখতে লোক আসবে কী করে।” ফলে উন্নয়ন ও চা-শিল্পের স্বার্থ-দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই এগোতে চাইছে সরকার।
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/19/mahua-moitra-10/

