Bengal Liberty:
এনআরএস হাসপাতালে নার্সের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে। তবে রিপোর্ট হাতে এলেও এখনই মৃত্যুর সঠিক কারণ নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে নারাজ চিকিৎসকেরা। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ভিসেরা রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ভিসেরা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। সেই রিপোর্ট পেতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।

(NRS Hospital)ভিসেরা রিপোর্ট কি ?
ভিসেরা রিপোর্ট মূলত ফরেনসিক বা রাসায়নিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। অস্বাভাবিক, রহস্যজনক বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্তের সময় মৃতদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও তরলের নমুনা সংরক্ষণ করা হয়। পরে ল্যাবরেটরিতে সেই নমুনা পরীক্ষা করে শরীরে কোনও বিষ, মাদক বা অন্য কোনও রাসায়নিক উপাদানের উপস্থিতি ছিল কি না, তা খতিয়ে দেখা হয়। এনআরএসের এই ঘটনাতেও মৃত নার্সের শরীরে কোনও রাসায়নিক বা নার্কোটিক ড্রাগের উপস্থিতি ছিল কি না, সেটিই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে শৌচাগারে যাওয়ার আগে ওই নার্সের মধ্যে কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি। ফলে তিনি নিজে কোনও নার্কোটিক ড্রাগ গ্রহণ করেছিলেন কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিশ্চিত করতে ভিসেরা রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা।
আরও খবর

(NRS Hospital) তদন্ত করছে লালবাজার
ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল। অতিরিক্ত কমিশনার (অপরাধ দমন) কুণাল আগরওয়াল এবং ডিসি (পূর্ব শহরতলি) সুবিমল পালের নেতৃত্বে হোমিসাইড টিম তদন্ত চালাচ্ছে। শৌচাগারটি সিল করে ফরেনসিক পরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। এমনকি শৌচাগার থেকে নার্সের দেহ উদ্ধারের পর যে ট্রলিতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটিও সিজ় করেছে পুলিশ।
(NRS Hospital) শৌচাগারে উদ্ধার ওষুধের ভায়ালে কী ছিল?
উল্লেখ্য, বুধবার রাতে এনআরএস হাসপাতালের গাইনি বিভাগের এইচডিইউতে ডিউটিতে থাকা ওই নার্স নিখোঁজ হন। পরে বন্ধ শৌচাগারের ভিতর থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কয়েকটি ওষুধের ভায়ালও উদ্ধার হয়েছে বলে তদন্ত সূত্রে জানা গিয়েছে। ওই ওষুধগুলি কীভাবে সেখানে এল এবং মৃত্যুর সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।

আরও পড়ুন :কন্যারত্নে মেয়েদের ২০০০ টাকা প্রদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

