Bengal Liberty
দলের পশ্চিমবঙ্গের ইনচার্জের জারি করা নির্দেশিকাকে কার্যত আমল না দিয়েই মুর্শিদাবাদে ফের দলবদল করালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। গত ২৩ অগস্ট সমশেরগঞ্জে তৃণমূল নেতা ইনজামামুল ইসলাম সহ ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের কংগ্রেসে যোগদান ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। এলাকাগত অশান্তিতে নাম জড়িয়ে থাকা বিতর্কিত নেতাদের দলে নেওয়া নিয়ে অভিযোগ পৌঁছায় এআইসিসি-র কাছে।

মুর্শিদাবাদে গণযোগদান Adhir Ranjan Chowdhury
এর পরই সোমবার কংগ্রেসের নবনিযুক্ত এআইসিসি ইনচার্জ প্রকাশ জোশী নতুন নির্দেশিকা জারি করে স্পষ্ট জানান, অন্য দল থেকে কাউকে কংগ্রেসে যোগদান করানোর আগে বিধান ভবনের অনুমতি ও তথ্যের পূর্ণ যাচাই বাধ্যতামূলক। এমনকি সমশেরগঞ্জের সেই বিতর্কিত যোগদান কর্মসূচিও স্থগিত রাখার নির্দেশ দেন তিনি।

তবে এআইসিসি-র এই কঠোর অবস্থানের পর মঙ্গলবারই পাল্টা সুর চড়ান ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তিনি জানিয়ে দেন, কংগ্রেসের নিয়ম-কানুন তাঁর অজানা নয়। শীর্ষ নেতৃত্বের থেকে ফোন আসার বিষয়টি স্বীকার করলেও তিনি স্পষ্ট করেন, “প্রকাশ জোশী ওই যোগদান স্থগিত রাখতে বলেছেন, বাতিল করেননি। তদন্তকারী সংস্থা কাউকে ডাকেনি, আর কেউ অপরাধী হলে সে সাজা পাবে।” নির্দেশিকাকে উপেক্ষা করেই বুধবার ও ২৯ অগস্ট নির্ধারিত একাধিক যোগদান কর্মসূচি সূচি অনুযায়ীই করার কথা সাফ জানান তিনি।
আরও খবর
কথামতোই বুধবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস ভবনের সামনে এক অস্থায়ী মঞ্চে অধীরের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য কায়েস শেখ সহ প্রায় ৫০০ জন তৃণমূল কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।হাইকমান্ডের তরফ থেকে যাচাই ও এআইসিসি-র পূর্বানুমোদনের যে নিয়ম বাঁধার চেষ্টা হয়েছিল, মুর্শিদাবাদে এই ধরনের গণযোগদানের মাধ্যমে তা একপ্রকার চ্যালেঞ্জের মুখেই পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

