Bengal Liberty:
আরাবুল ইসলামকে ISF থেকে বের করে দেওয়া হতে পারে—এই সম্ভাবনার কথা প্রথম সামনে এনেছিল বেঙ্গল লিবার্টি(Arabul Islam Resigns)। সেই জল্পনার মধ্যেই শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট করে ISF ছাড়ার কথা ঘোষণা করলেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম। ফলে প্রশ্ন উঠছে, এটি কি আরাবুলের স্বেচ্ছায় দলত্যাগ, নাকি ISF-এর অন্দরের চাপের ফলেই তাঁর এই সিদ্ধান্ত? ভাঙড়ের রাজনীতিতে এই মুহূর্তে জোরালো হচ্ছে সেই প্রশ্নই।

আরাবুলের দলত্যাগ (Arabul Islam Resigns)
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে ছেলে হাকিমুল ইসলামকে সঙ্গে নিয়ে ISF-এ যোগ দিয়েছিলেন আরাবুল। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ISF প্রার্থী হিসেবেও লড়াই করেছিলেন তিনি। কিন্তু দলে যোগ দেওয়ার পর থেকেই তাঁর সঙ্গে ISF নেতৃত্বের রাজনৈতিক মতবিরোধ শুরু হয়। দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল বলেও রাজনৈতিক মহলে আলোচনা ছিল।
আরও খবর
ISF সূত্রে অভিযোগ, দলের নির্দিষ্ট নীতি ও সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে আরাবুল আলাদা একটি গোষ্ঠী তৈরি করার চেষ্টা করছিলেন। এমনকি কয়েকজন সংখ্যালঘু নেতাকে নিয়ে পৃথক রাজনৈতিক শক্তি তৈরির পরিকল্পনা ছিল বলেও দাবি করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

নওশাদের হুঁশিয়ারী (Arabul Islam Resigns)
ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি বারবারই স্পষ্ট করেছেন, দলের নীতি ও সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনও নেতা বা কর্মীর কাজকর্ম বরদাস্ত করা হবে না। দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ উঠলে সংশ্লিষ্টদের সতর্ক করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পক্ষেই বরাবর সওয়াল করেছেন তিনি। আরাবুলকে নিয়েও দলের অন্দরে এমন আলোচনা হয়েছিল কি না, তা নিয়ে এখন নতুন করে জল্পনা শুরু হয়েছে।
অন্যদিকে, শুক্রবার দল ছাড়ার ঘোষণা করে আরাবুলের করা পোস্টে ISF নেতৃত্বের বিরুদ্ধে তীব্র অভিযোগের সুর রয়েছে। তাঁর দাবি, ISF-এর বর্তমান কার্যকলাপ নিয়ে তিনি সন্তুষ্ট নন। পাশাপাশি, দলের বিরুদ্ধে ‘লুম্পেনতন্ত্র’-এর অভিযোগও তুলেছেন তিনি।
দুই পক্ষের অভিযোগ(Arabul Islam Resigns)
ফলে একদিকে আরাবুলের দাবি, অন্যদিকে ISF নেতৃত্বের পাল্টা অভিযোগ—দুইয়ের মাঝে আসল কারণ এখনও স্পষ্ট নয়। তবে নওশাদের কড়া সাংগঠনিক অবস্থানের পরই আরাবুলের দলত্যাগের ঘটনায় ভাঙড়ের রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা আরও তীব্র হয়েছে। আগামী দিনে আরাবুল কি নতুন কোনও রাজনৈতিক দল তৈরি করবেন, নাকি অন্য কোনও দলে যোগ দেবেন, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ যাদবপুরে উত্তেজনা বহাল! বিশ্ববিদ্যালয়ের ‘শাপমোচন’-এর সময় এসেছে, বলছেন জিষ্ণু

