Bengal Liberty
শেক্সপিয়র সরণি থানার একটি মামলার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) সেকশন ৩৫-এর নোটিস পাঠানো হয়েছে বলে দাবি। তবে সেই মামলার FIR এখনও পুলিশের অনলাইন পোর্টালে আপলোড করা হয়নি—এই অভিযোগকে কেন্দ্র করে পাল্টা আইনি পদক্ষেপের পথে অভিষেকের পক্ষ। অভিষেকের পক্ষ থেকে শেক্সপিয়র সরণি থানায় চিঠি দিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কেন FIR অনলাইনে আপলোড করা হয়নি। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের Youth Bar Association of India বনাম Union of India মামলার রায়ের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে FIR পুলিশের ওয়েবসাইটে আপলোড করার কথা। সেই নির্দেশ পালন না করা হলে তা আদালত অবমাননার আওতায় পড়তে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নামেও একই ধরনের নোটিস পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট থানার তরফে FIR অনলাইনে প্রকাশ না করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছে অভিষেকের পক্ষ। চিঠিতে কার্যত জানতে চাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে FIR অনলাইনে আপলোড না করার জন্য পুলিশের বিরুদ্ধে কেন আদালত অবমাননার পদক্ষেপ করা হবে না।

