Bengal Liberty : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর সংক্রান্ত মামলার শুনানি আপাতত পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Abhishek Banerjee)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানির পর আগামী ১১ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত জানিয়েছে, তিনটি মামলায় অভিষেকের রক্ষাকবচ আপাতত বহাল থাকবে। বিচারপতির পর্যবেক্ষণ, মামলার শুনানি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, বাকি রয়েছে শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট বিষয় নিয়ে চূড়ান্ত সওয়াল। পাশাপশি, এদিনের শুনানিতে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর পুরনো মামলার প্রসঙ্গ তুলে রাজ্য প্রশ্ন তোলে, শুভেন্দুর মতো অভিষেকও কি তদন্ত সিবিআই- এর হাতে তুলে দেওয়ার আবেদন করছেন (Abhishek Banerjee)?

শুভেন্দুর মামলার নজির টেনে রাজ্যের পাল্টা সওয়াল (Abhishek Banerjee)
রাজ্যে সরকার বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একের পর এক এফআইআর দায়ের হয়েছে। সেই মামলাগুলি চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে বৃহস্পতিবার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদ্বল ভট্টাচার্য জানান, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন। পাশাপাশি তিনি সিবিআই বা অন্য কোনও স্বাধীন তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্তের আবেদনও করেছিলেন। রাজ্যের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে কিন্তু সিবিআই তদন্তের কোনও উল্লেখ নেই। তাই শুভেন্দুর মামলার নজির দেখিয়ে একই ধরনের আইনি সুরাহা চাওয়া হলেও, দুই মামলার পরিস্থিতি এক নয় বলেই আদালতে সওয়াল করে রাজ্য।

আপাতত বহাল রইল রক্ষাকবচ (Abhishek Banerjee)
গত শুনানিতে অভিষেকের আইনজীবী যুক্তি দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হাই কোর্ট যেমন একাধিক মামলায় রক্ষাকবচ দিয়েছিল, তেমনই অভিষেকের ক্ষেত্রেও ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া নতুন এফআইআর দায়ের না করার নির্দেশ দেওয়া হোক। সেই যুক্তিরই এ দিন পাল্টা জবাব দেয় রাজ্য। আদালতে জানানো হয়, এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬টি এফআইআর দায়ের হয়েছে। এ দিন তাঁর পক্ষে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ ও অয়ন ভট্টাচার্য। শুনানির শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মামলার শুনানি প্রায় শেষ পর্যায়ে। নির্দিষ্ট কয়েকটি বিষয়ে আরও সওয়াল বাকি রয়েছে। পাশাপাশি আগের নির্দেশ বহাল রেখে আদালত জানিয়ে দেয়, তিনটি মামলায় আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ অগস্ট।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/05/abhishek-banerjee-69/

