Bengal Liberty
নদিয়া ও মুর্শিদাবাদের বিঘার পর বিঘা সরকারি জমি থেকে মাটি কেটে বেআইনিভাবে বিক্রির অভিযোগে জড়াল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম (Abhishek Banerjee)। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের একাধিক তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়কসহ মোট ৩০ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা দায়রা আদালত। নদিয়া জেলা আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডল মামলাটির প্রাথমিক শুনানি শেষে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশকে এফআইআর রুজু করে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দেন।

৩০ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১৫ জুলাই কালীগঞ্জের বাসিন্দা বাপন ঘোষ নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে একটি লিখিত পিটিশন দায়ের করেন। মামলাকারীর অভিযোগ, ২০১৬ সাল থেকে নদিয়ার কালীগঞ্জ ব্লক এবং মুর্শিদাবাদের শক্তিপুর এলাকা জুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৩৩ হাজার বিঘা সরকারি ও ‘ভেস্টেড’ জমির মাটি কেটে বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। শুধু মাটিই নয়, সরকারি জমিতে থাকা প্রচুর মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগে জানানো হয়েছে। এই মাফিয়া চক্রের কারণে এলাকার পরিবেশ ব্যবস্থার পাশাপাশি বিপুল পরিমাণ সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। অভিযোগকারীর দাবি, এই পুরো কারবারের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ ভূমিকা ও মদত রয়েছে এবং এর বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ তছরুপ হয়েছে।

এই মামলায় যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের তালিকায় তৎকালীন শাসকদলের বেশ কয়েকজন প্রভাবশালী মুখ রয়েছেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কালিগঞ্জের বর্তমান তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখের নামও ৩০ জন অভিযুক্তের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মামলাকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, দিনের পর দিন ধরে বেআইনি মাটি ও গাছ কাটা নিয়ে বন দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বারবার লিখিত আবেদন জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। উল্টে অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত সহ্য করতে হয়েছে। সমস্ত নথি ও যুক্তি পর্যালোচনার পরেই আদালত এই ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছে।
আরও খবর

সরকারি জমির মাটি কাটার অভিযোগ
আদালতের এই নির্দেশ স্বাগত জানিয়েছেন মূল অভিযোগকারী বাপন ঘোষ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি উদ্ধার এবং পরিবেশ রক্ষায় লড়ছিলেন, অবশেষে বিচার ব্যবস্থার ওপর ভরসা ফিরে পেলেন। অন্যদিকে, এই মামলাকে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্ত বলে দাবি করেছেন কালীগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ। তাঁর বক্তব্য, ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন এবং সম্পূর্ণ প্রতিহিংসামূলক রাজনীতি থেকে এই ভুয়ো অভিযোগ তোলা হয়েছে। আদালতের নির্দেশের পর এই ইস্যুতে রাজনৈতিক ময়দানে তরজা আরও তুঙ্গে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

