Bengal Liberty
মালদহে বিএসএফ শিবিরে চাঞ্চল্যকর গুলিচালনার ঘটনায় মৃত্যু হল দুই জওয়ানের। বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টা ৫০ মিনিট নাগাদ বৈষ্ণবনগরের ১৭ মাইল এলাকায় বিএসএফের ১১৯/৭১ সদর দফতরে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই এই কাণ্ড ঘটতে পারে। জানা গিয়েছে, কোর্ট মার্শালের অধীনে থাকা বিএসএফ কনস্টেবল শিবম কুমার মিশ্র হেফাজতে ছিলেন। অভিযোগ, তিনি দায়িত্বে থাকা এক বিএসএফ প্রহরীকে পরাস্ত করে তাঁর রাইফেল ছিনিয়ে নেন। এরপর পাশের ব্যারাকে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

গুলিবিদ্ধ বিএসএফ ক্যাম্প
গুলিচালনায় তিনজন বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা হেড কনস্টেবল অজয় কুমার এবং কনস্টেবল আম্বাদার সুরেশকে মৃত ঘোষণা করেন। আহত হেড কনস্টেবল বিকাশ ব্রহ্ম বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার পরই অভিযুক্ত শিবম কুমার মিশ্রকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্রযোজ্য ধারায় নির্দিষ্ট মামলা রুজুর প্রক্রিয়াও চলছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই এই গুলিচালনার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

