Bengal Liberty:
খাস কলকাতায় ফের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ। গড়ফার একটি আবাসনে চার বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সি এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে গড়ফা থানার পুলিশ (Garfa Police Station)। একইসঙ্গে শিশুটির একাধিক মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে।

শিশুকে যৌন হেনস্থা (Garfa Police Station)
পরিবার সূত্রে জানা গিয়েছে, গড়ফার ওই আবাসনে পরিবারের সঙ্গে থাকে চার বছরের শিশুটি। বুধবার পাশের ফ্ল্যাটে থাকা কাকার কাছে গিয়েছিল সে। সেই সময় বাড়িতে ছিলেন না কাকা। অভিযোগ, শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী ওই প্রৌঢ় জল খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নেন। এরপর শিশুটিকে আবাসনের ছাদে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
আরও খবর
পলাতক অভিযুক্ত (Garfa Police Station)
সেখানেই শিশুটির সঙ্গে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। কিছুক্ষণ পর শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান পরিবারের সদস্যরা। তাঁরা দ্রুত ছাদে পৌঁছন। কিন্তু ততক্ষণে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ।
এরপরই পরিবারের তরফে গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সম্ভাব্য অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

শিশুর মেডিক্যাল টেস্ট (Garfa Police Station)
অন্যদিকে, শিশুটির শারীরিক অবস্থার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তার একাধিক মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা পরিবারের সদস্য এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত অন্যদের সঙ্গেও কথা বলছেন।
ঘনবসতিপূর্ণ গড়ফার মতো এলাকায় আবাসনের মধ্যেই এমন অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের নিরাপত্তার মধ্যেও এত ছোট একটি শিশুর সঙ্গে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশুটির পরিবার।

আরও পড়ুনঃ একদিকে পড়ুয়াশূন্য স্কুল, অন্যদিকে একজন শিক্ষকে শত শত পড়ুয়া! স্কুলশিক্ষায় চরম বৈষম্যের ছবি

