Bengal Liberty: বুধবার বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাশ হল হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বিল। এই বিলে উল্লেখিত হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮ হয়েছে। বর্তমান সরকারের দাবি, নাগরিক পরিষেবা আরও কার্যকর ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হাওড়া পুরনিগমে ওয়ার্ডের সংখ্যা বাড়ানো প্রয়োজন। সেই কারণেই নতুন করে ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণের পথে হাঁটছে সরকার।
বুধবার বিধানসভার অধিবেশনে নতুন বিল পাশের পর রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিষয়টি স্পষ্ট করেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুধু হাওড়া নয়, কলকাতা পুরনিগমের ওয়ার্ডের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

অগ্নিমিত্রা পালের দাবি, হাওড়া ও কলকাতা—দুই শহরেরই নাগরিকেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে দুই শহরের একাধিক এলাকায় জল জমা এবং নিকাশি ব্যবস্থার বেহাল দশা সামনে এসেছে। এই পরিস্থিতির জন্য পূর্ববর্তী সরকারকে নিশানা করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, নাগরিক পরিষেবার ক্ষেত্রে আগের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।
আরও খবর
নতুন করে ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণে রাজ্যের উদ্যোগ (Howrah Municipal Corporation)
বর্তমান সরকারের তরফে জানানো হয়েছে, বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া, বেহাল রাস্তাঘাটের সংস্কার এবং আবাসন প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পুর এলাকার নতুন করে ওয়ার্ড বিন্যাস করা হচ্ছে। জনসংখ্যা, এলাকার পরিধি এবং নাগরিক পরিষেবার প্রয়োজনীয়তার বিষয়গুলি বিবেচনা করেই ওয়ার্ডের সংখ্যা ও সীমানা নির্ধারণ করা হবে।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল পূর্বতন তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী শিবিরকে নিশানা করে তাঁর কটাক্ষ, এত দিন সাধারণ মানুষের প্রাথমিক পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে যথেষ্ট কাজ হয়নি। ‘পনেরো বছর কী করেছেন?’—এই প্রশ্ন তুলে তৃণমূলকে নিশানা করেন পুরমন্ত্রী।
এই বিল আইনে পরিণত হওয়ার পর নির্বাচনের আগে হাওড়া পুর এলাকার ওয়ার্ডের সংখ্যা ও সীমানা কী ভাবে নির্ধারিত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ
https://atlas-preview.bengalliberty.com/2026/08/12/asif-iqbal/

