Bengal Liberty
সংসদ সহায়তা কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে এসে কালো পতাকার মুখে পড়লেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান (Murshidabad MP)। শনিবার সন্ধ্যায় ভগবানগোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। সাংসদকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেন বাম যুব সংগঠন DYFI-এর কর্মী-সমর্থকরা।
সূত্রের খবর, সংসদ সহায়তা কেন্দ্রের একটি কর্মসূচিতে যোগ দিতে ভগবানগোলায় পৌঁছন সাংসদ আবু তাহের খান। সেই সময় হাতে কালো পতাকা নিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন DYFI কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি ও বচসা হয় বলে অভিযোগ।

আরও খবর
কী বললেন সাংসদ? Murshidabad MP
সাংসদ আবু তাহের খান বলেন, “কেউ না কেউ কোথাও থেকে কিছু না কিছু করতে পারে। আমি জানি না। ওদের কি কাজ, কি কাজ করে, কোনো কাজ করার ক্ষমতা নাই। কালো পতাকা দেখিয়েছে, এটাও আমি দেখিনি। যারা দেখছে তারা চেনে। আমি চিনি না। অনেকে বলল এরা সব সিপিএমের। আর আমি চিনি না এদের, এই জিনিসগুলো করলে ওটা ভালো হবে না।

রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ DYFI-এর
সাংসদকে কালো পতাকা দেখানোর কারণ হিসেবে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলেছে DYFI। সংগঠনের নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়ার পর সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই প্রতিবাদ জানাতে কালো পতাকা প্রদর্শন করা হয়েছে। DYFI নেতৃত্বের একাংশের বক্তব্য, “তিনি তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছেড়ে দিয়ে ফের নির্বাচনে জিতে দেখান। তাহলে বোঝা যাবে মানুষের প্রকৃত সমর্থন তাঁর সঙ্গে রয়েছে কি না।” বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়ার পর সাংসদের অন্য রাজনৈতিক অবস্থান গ্রহণের প্রতিবাদেই এই কালো পতাকা প্রদর্শন ও ধিক্কার কর্মসূচি।

