Bengal Liberty
রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের ব্যয় এবং ক্যাগের (CAG) রিপোর্ট খতিয়ে দেখার ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC Chairman) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই কমিটির চেয়ারম্যান নির্বাচন রাজনৈতিক ও প্রশাসনিক—দুই ক্ষেত্রেই সমান তাৎপর্যপূর্ণ। বিধানসভার প্রচলিত নিয়ম অনুযায়ী, ২০ সদস্যের এই কমিটিতে বিরোধী দল থেকে ৬ জন বিধায়ক স্থান পান এবং তাঁদের মধ্য থেকেই মনোনীত হন কমিটির চেয়ারম্যান। তবে এবার এই পদের জন্য ‘ঋতব্রত শিবির’ ও ‘কালীঘাট শিবির’—উভয় পক্ষ থেকেই নামের তালিকা জমা পড়েছে।

চেয়ারম্যান পদে জোর টক্কর
পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যপদের জন্য ঋতব্রত শিবিরের তৃণমূল ৫ জনের নাম জমা দিয়েছে; অন্যদিকে, কালীঘাট শিবিরের তরফে জমা পড়েছে ১ জনের নাম। ঋতব্রত শিবিরের প্রস্তাবিত তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়। অন্যদিকে, কালীঘাট শিবিরের পক্ষ থেকে বর্ষীয়ান বিধায়ক অশোক দেবের নাম প্রস্তাব করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, পিএসি-র বাকি ১৪ জন সদস্যকে মনোনীত করবে শাসকদল। এছাড়া বিরোধী দল বিজেপির তরফে স্থান পেয়েছেন অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনম লামা, সৌরভ সিকদার, সুব্রত ঠাকুর এবং স্বপনকুমার দাস। উল্লেখ্য, বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে পিএসি-র চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন অধ্যক্ষ রথীন্দ্র বসু।
আরও খবর

তৃণমূল অভ্যন্তরীণভাবে দুটি শিবিরে বিভক্ত। তবে বিরোধী শিবিরের অবস্থান এবং সংখ্যার অঙ্কে আপাতত ঋতব্রত শিবিরই এগিয়ে রয়েছে। শেষ পর্যন্ত মর্যাদাপূর্ণ এই চেয়ারম্যান পদে কার নাম ঘোষিত হয়, এখন সেদিকেই গভীর নজর রাজনৈতিক মহলের।

