Bengal Liberty, ১৬ জুন :
কাঁকুলিয়া গুলি কাণ্ডে সাফল্য কলকাতা পুলিশের। দীর্ঘদিন ধরেই পুলিশের খোঁজে থাকা সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারকে নিজেদের হেফাজতে নিল রবীন্দ্র সরোবর থানার পুলিশ (Sona Pappu)। ইডি-র একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে থাকা সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। আলিপুর আদালতে দীর্ঘ শুনানির পর তাকে আগামী ২০ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেওয়া হয়েছে। কাঁকুলিয়া গুলি কাণ্ডের পর থেকেই আত্মগোপন করে ছিলেন সোনা পাপ্পু। এবার গুলি কাণ্ডের তদন্তে তার ভূমিকা, ঘটনার নেপথ্যের কারণ এবং সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদে জোর দিচ্ছেন তদন্তকারীরা (Sona Pappu)।

কাঁকুলিয়া গুলি কাণ্ডে পুলিশ হেফাজতে সোনা পাপ্পু (Sona Pappu)
গত ১ ফেব্রুয়ারি এলাকা দখলকে কেন্দ্র করে রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত গোলপার্ক সংলগ্ন কাঁকুলিয়া রোড কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই ঘটনায় গুলিচালনার অভিযোগ ওঠে এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে ঘটনার কয়েক মাস পরেও এখনও পর্যন্ত ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনার নেপথ্যের পুরো চিত্র সামনে আনতে অভিযুক্তদের জেরা করা অত্যন্ত জরুরি। সেই কারণেই ইডি মামলায় জেল হেফাজতে থাকা বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে নিজেদের হেফাজতে চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয় রবীন্দ্র সরোবর থানা। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

১০ ঘণ্টা জেরা শেষে গ্রেফতার হয়েছিল সোনা পাপ্পু (Sona Pappu)
জমি দখল ও বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় নাম জড়ানোর পর থেকেই কার্যত আত্মগোপন করে ছিলেন সোনা পাপ্পু। কাঁকুলিয়া কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই ব্যবসায়ীকে দীর্ঘদিন খুঁজছিল তদন্তকারী সংস্থাগুলি। অবশেষে গত ১৮ মে তিনি নিজেই ইডি দফতরে হাজির হন। সেখানে টানা প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও খবর
তদন্ত সূত্রে জানা গেছে, সোনা পাপ্পুর বিরুদ্ধে বিপুল আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ হাতে পেয়েছিলেন তদন্তকারীরা। বিশেষ করে ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে যুক্ত দুটি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকার লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেই আর্থিক নথিপত্র নিয়েও বিস্তারিত জেরা করা হয় তাকে। উল্লেখযোগ্যভাবে, কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা কলকাতা পুলিশের পদস্থ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই হঠাৎ ইডি দফতরে হাজির হন সোনা পাপ্পু। এরপর থেকেই তার বিরুদ্ধে তদন্তের গতি আরও বাড়ে। এখন কাঁকুলিয়া গুলি কাণ্ডে পুলিশি জেরার মাধ্যমে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে তদন্তকারী মহলের।


