Bengal Liberty
নিট প্রশ্নফাঁস আন্দোলনের আবহে ফের আলোচনায় এলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ছাত্র আন্দোলন নিয়ে তাঁর নতুন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক (Taslima Nasrin)। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহলে শুরু হয়েছে তর্ক-বিতর্কও। অনেকেই তাঁর বক্তব্য নিয়ে সরব হয়েছেন।

ছাত্র আন্দোলন দেখলেই ভয়
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তসলিমা নাসরিন। সেখানে তিনি দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন। ছাত্রদের জমায়েত দেখলেই এখন তাঁর ভয় লাগে। এমনটাই জানান লেখিকা। বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, যন্তর মন্তরে ‘তেলাপোকাদের’ জমায়েত দেখে বাংলাদেশের সেই ঘটনার কথা মনে পড়ে যায়।

তসলিমা নাসরিন তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘যন্তর মন্তরে ‘তেলাপোকাদের’ সমবেত হতে দেখে আমার বাংলাদেশের জুলাই ২০২৪ আন্দোলনের কথা মনে পড়ে যায়। এরপর যা ঘটেছিল, তার মূল্য এখন পুরো বাংলাদেশকেই দিতে হচ্ছে। জুলাই আন্দোলনের পর থেকে আমি যেখানেই ছাত্রদের সমবেত হতে দেখি, আমার মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করে। আমি এখন আর সহজে এই ধরনের সমাবেশকে বিশ্বাস করতে পারি না। ২০২৪-এর জুলাই আমাকে শিখিয়েছে, সব ছাত্র আন্দোলন গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় না। সব সরকারবিরোধী আন্দোলন স্বাধীনতার দিকে নিয়ে যায় না। সব বিপ্লবই সত্যিকারের বিপ্লব নয়। কিছু বিপ্লব পুরোনো শাসনব্যবস্থাকে উৎখাত করে আরও ভয়ংকর অন্ধকারের দরজা খুলে দেয়’। তসলিমার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।

