Bengal Liberty:
নিউ আলিপুরের ডি ব্লক-সহ সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার এবং বরো–১০-এর চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অশুতোষ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে এই স্মারকলিপি পেশ করা হয়।

Kolkata Waterlogging
স্মারকলিপিতে দাবি করা হয়েছে, নিউ আলিপুরের ডি ব্লক, সি ব্লক, সাহাপুর কলোনি এবং মাঝেরহাট এলাকায় সামান্য বৃষ্টিতেই ব্যাপক জল জমে যায়। ভারী বর্ষণের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বাসিন্দাদের অভিযোগ, ২০১৬ সালের পর একাধিকবার রাস্তা ও পাইপলাইন নির্মাণের কাজ হলেও জলাবদ্ধতার সমস্যা দূর হওয়ার বদলে আরও বেড়েছে। দীর্ঘদিন ধরে চলা ওই নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আরও খবর
রাস্তা সংস্কার, তদন্ত ও দ্রুত জল নিষ্কাশনের দাবি

কংগ্রেসের অভিযোগ, অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং ত্রুটিপূর্ণ নির্মাণকাজের ফলে এলাকাটি কার্যত স্থায়ী জলাবদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। অতীতে জল জমে বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসিন্দাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
Kolkata Waterlogging
স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে রামতনু লাহিড়ী সরণি-সহ ডি ব্লক ও সংলগ্ন এলাকার রাস্তা এবং নিকাশি ব্যবস্থার স্থায়ী সংস্কার, পূর্ববর্তী রাস্তা ও পাইপলাইন নির্মাণকাজের তদন্ত, বর্ষাকালে দ্রুত জল নিষ্কাশনের জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন এবং জলাবদ্ধ এলাকায় বিদ্যুতের খোলা তার নিরাপদ করার ব্যবস্থা।
Kolkata Waterlogging
প্রদেশ কংগ্রেসের দাবি, দ্রুত পদক্ষেপ না করা হলে ভরা বর্ষায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই জনস্বার্থে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার কাছে আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুনঃ অভিষেকের বিদেশযাত্রা মামলায় কটাক্ষ অগ্নিমিত্রা পালের

