Bengal Liberty :
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এ বার জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু (Mahua Moitra)। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬, ১৯৭, ২৯৯ এবং ৩৫৩ ধারায় মামলা হয়। শনিবার ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় তাঁকে থানায় তলব করা হয়েছে।

মহুয়ার বিরুদ্ধে মামলা
সূত্রের খবর, ১ সেপ্টেম্বর কয়েক জন আইপিএস আধিকারিকের নাম উল্লেখ করে সমাজমাধ্যমের প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্ট করেন মহুয়া। সেই পোস্টকে কেন্দ্র করেই অভিযোগ দায়ের করা হয়। মহুয়ার অভিযোগ, উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচিতে রাজ্যের মুসলিম আইপিএস এবং আইএএস আধিকারিকদের ইচ্ছাকৃত ভাবে ব্রাত্য করে রাখা হয়েছিল। নিজের পোস্টে তিন জন আধিকারিকের নামও উল্লেখ করেছিলেন তিনি। তালিকা অনুযায়ী তারা হলেন, শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, এসটিএফ-এর ডিজি জাভেদ শামিম এবং আইএএস খলিল আহমেদ। সাংসদের অভিযোগ, সংখ্যালঘু আমলা ও পুলিশ আধিকারিকদের ইচ্ছাকৃত ভাবে ওই কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে।

এই পোস্টের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তুলে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। শনিবার থানায় তলব করা হয়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগেই একই ধরনের অভিযোগে নদিয়ার হোগলবাড়ি থানায় হাজিরা দিতে হয়েছিল তৃণমূল সাংসদকে।

